
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এ প্রেক্ষিতে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার সরাসরি মাঠে থেকে যানজট নিরসনে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি তদারকি করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। তাঁর নির্দেশনায় জেলা পুলিশের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন।
পুলিশ সুপার জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা পুলিশের সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করছেন। সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে যাত্রীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো: সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে 


















