
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শাহী ঈদগাহের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় তিনি শাহী ঈদগাহ এলাকা সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, আরিফুল হক চৌধুরী, এমপি (মাননীয় মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) সারওয়ার আলম, জেলা প্রশাসক, সিলেট। রেজাই রাফিন সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট সিটি করপোরেশন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সংবাদিকগণ।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে শাহী ঈদগাহসহ নগরীর প্রতিটি ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সম্মানিত নগরবাসী যাতে অত্যন্ত আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে লক্ষে এসএমপি পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা ও সজাগ দৃষ্টি অব্যাহত থাকবে।
শাহী ঈদগাহের প্রবেশপথগুলোতে নিরাপত্তা তল্লাশি, সিসিটিভি ক্যামেরার নজরদারি এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার। 


















