
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র আসামপাড়া বাজারে সাম্প্রতিক বৃষ্টিপাতে বাজারের ভেতরে পানি জমে কাদায় পরিণত হয়। এতে প্রতিদিন বাজারে আসা হাজার হাজার মানুষ ও শত শত স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানি জমে বাজারের রাস্তা কাদাময় হয়ে যাওয়ায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।
বিষয়টি স্থানীয় সাংবাদিক মুনির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে তা দ্রুত সবার নজরে আসে। খবরটি ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর নজরে আসামাত্র তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।
পরে বাজারের পানি নিষ্কাশন ও চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। এ উদ্যোগের জন্য চেয়ারম্যান মোহাম্মদ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বাজারে আগের মতো চলাচল সহজ হয়েছে এবং এজন্য চেয়ারম্যানের প্রশংসা করছেন স্থানীয়রা।
মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট থেকে। 

















