
সিলেটের কোম্পানীগঞ্জ থানার একটি মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। শনিবার (১৪ মার্চ) রাতে ওসমানীনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ মার্চ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে র্যাব-৯, সিপিসি-৩ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। ওসমানীনগর থানাধীন দয়ামীর ইউনিয়নের চকেরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ থানার ইসলামপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ মনহাছ-এর ছেলে।
র্যাব জানায়, শফিকুল ইসলাম কোম্পানীগঞ্জ থানার একটি মাদক মামলার (মামলা নং- ০৯, তারিখ: ১৫/১০/২২ খ্রি.) সাজাপ্রাপ্ত আসামি। আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে সংশ্লিষ্ট কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্টাফ রিপোর্টার 

















