
শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার বিকালে দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল বা মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার এবং খাদ্যপণ্যে টেক্সটাইল রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ কারণে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- আল খলিফা রেষ্টুরেন্ট, শাহজালাল লাইভ বেকারি, পানাহার রেস্তোরা, ধানসিঁড়ি রেষ্টুরেন্ট এবং হাঁসের বাড়ি রেষ্টুরেন্ট।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের খাদ্য প্রস্তুত ও পরিবেশনে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে। 


















