
সিলেটের গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (১৪ মার্চ) ভোর ৫টার দিকে গোয়াইনঘাটের মোহাম্মদপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হল গোয়াইনঘাট উপজেলারখাসিয়া হাওড় গ্রামের মৃত রূপ মিয়া ছেলে আব্দুল হান্নান (২৯) এবং অপর আসামী একই এলাকার আমজাদ হোসেন ছেলে আলমগীর (২৫)।
র্যাব জানায়, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এলাকার এক নারী ভিকটিমকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে গত বছরের ১১ অক্টোবর সিলেটে নিয়ে আসে পাচারকারী চক্রের সদস্যরা।
তারা উক্ত ভিকটিম নারী কে ভারতে ভাল বেতনের চাকুরী দিবে বলে তাকে জাফলং সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করে পাচারকারী চক্র।
গত ১২ অক্টোবর ভারতে প্রবেশের সময় বিএসএফ ওই নারীসহ আরও তিনজনকে আটক করে এবং পরবর্তীকালে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি-এর কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মানবপাচার মামলা দায়ের করেন।
গোয়াইনঘাট থানার মামলা নং-১৬ (তারিখ- ১৬/১০/২০২৫)। পরে র্যাব উক্ত মামলার ছায়া তদন্তে নামে। এর প্রেক্ষিতে র্যাব-৯, সদর কোম্পানি (সিলেট)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারনামীয় ৫ ও ৭ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 

















