
প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা,ত্রাণ,বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের কল্যাণে কাজ করে। মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনাদেরকে সার্বিক সহযোগিতার প্রয়োজন। আর আমিও সর্বদা প্রস্তুত আছি বিশ্বনাথ-ওসমানীনগরের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য দল-মত-নির্বিশেষে রাজনীতিতে ভালো মানুষের সমাগম ঘটাতে হবে। এখন ভালো মানুষের রাজনীতি করার সময় এসেছে। আপনারা মনে রাখবেন, বিশ্বনাথ-ওসমানীনগরে কোনো চাঁদাবাজদের জায়গা হবেনা।
তাই প্রশাসনের যারাই আছেন, এলাকার মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন সে জন্য আপনারা সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নিজেদের কাজ করে যান। কোনো কাজে আমার সহযোগিতা লাগলে বলবেন। মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনাদেরকে সার্বিক সহযোগিতা করতে আমি সর্বদা প্রস্তুত আছি।
শুক্রবার (১৩ মার্চ) সিলেটের বিশ্বনাথে পৌর শহরের কারিকোনা গ্রামের ফুটবল মাঠে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সদ্য প্রয়াত মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
তিনি আরও বলেন, আজ ইলিয়াস আলী ও সুহেল আহমদ চৌধুরী নেই বলে মনে করবেন না আপনারা এতিম হয়ে গেছেন। এখানে আমি আছি। আপনারা আমার সঙ্গে থাকলে আমারও কোনো ভয় নেই।
বিশ্বনাথ-ওসমানীনগর এ দুটি উপজেলার মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নেই। ওসমানীনগরে তিনটি স্কুল হলে বিশ্বনাথে হবে চারটি। রাস্তা ওসমানীনগরে দুইটি হলে বিশ্বনাথে হবে তিনটি।
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের পরিচালনায় সভায় আরাও বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী,কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া,বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রমুখ।
বিশ্বনাথ প্রতিনিধি 



















