
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর মৌজায় সরকারি চলাচলের রাস্তা কেটে নিজেদের জমির সাথে মিশিয়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ভূমিমালিকদের বিরুদ্ধে। এর ফলে গ্রামটির প্রায় ৫০-৬০টি পরিবারের ২০০-এর বেশি বাসিন্দা দীর্ঘদিন ধরে অবরুদ্ধ হয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন। তবে সাম্প্রতিক সময়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনার পর রাস্তাটি মেপে সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে সরেজমিনে তদন্তের পদক্ষেপ নিয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব (এসএ) শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর নাজরাতুন নাঈম স্বাক্ষরিত এক চিঠিতে (স্মারক নম্বর: ০৫.৪৬.৩৬০০.০১৮.৪২.০০৮.১৮.১৬) মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে সরেজমিনে তদন্ত পরিচালনা এবং মতামতসহ প্রতিবেদন দাখিল করার অনুরোধ জানানো হয়েছে। উক্ত চিঠির অনুলিপি মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং আবেদনকারী বেগম সুফিয়া খাতুনের কাছেও পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও নথিসূত্রে জানা যায়, ১৯ নং শাহপুর মৌজার ১ নং খতিয়ানভুক্ত একটি রাস্তা শাহপুর গ্রামের পূর্ব দিক থেকে শুরু হয়ে পশ্চিম দিকে ঢাকা-সিলেট মহাসড়কের (বিশ্বরোড) সাথে সংযুক্ত ছিল। রাস্তাটি ১৯৫৩-৫৪ সালের এসএ নকশায় (সাবেক ৭২৫, ৭২৮, ৭৩৪, ৭৪০, ৮৪৯, ৮৫২, ১০১০, ১১৪৮ নং দাগ) সুস্পষ্টভাবে উল্লিখিত রয়েছে। পরবর্তীতে বিএস বা চলমান জরিপেও এটি ১২০৯, ১২১৩ ও ১৩২৩ নং দাগে সরকারি ১ নং খাস খতিয়ানে রেকর্ডভুক্ত হয়।
অভিযোগ উঠেছে, দীর্ঘ দিন ধরে রাস্তার আশেপাশের প্রভাবশালী ভূমিমালিকরা বছর বছর রাস্তা কেটে তাদের নিজ নিজ কৃষিজমির সাথে একীভূত করে ফেলেন। এর ফলে একদিকে যেমন সরকারি খাস সম্পত্তি অবৈধ দখলে চলে গেছে, অন্যদিকে শাহপুর গ্রামের প্রায় অর্ধশত পরিবারের একমাত্র যাতায়াতের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ায় গ্রামের ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া-আসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষাজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন রোগীরা—জরুরি প্রয়োজনে কোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া কিংবা কারও মৃত্যু হলে মরদেহ আনা-নেওয়ার মতো কোনো বিকল্প পথও অবশিষ্ট নেই।
ভুক্তভোগী গ্রামবাসীর পক্ষে মোছা. বেগম সুফিয়া খাতুন জানান, সরকারি খাস খতিয়ানভুক্ত রাস্তাটি পুনর্নির্মাণ ও উন্মুক্ত করতে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় কমিশনারের কাছে প্রথম আবেদন করা হয়। তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবিগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেয় বিভাগীয় কমিশনার কার্যালয় (স্মারক নং: ০৫.৪৬.০০০০.০০৫. ২৭.০০২.২০.১০১)। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও বাস্তব কোনো সমাধান পাননি তারা।
পরবর্তীতে সীমারেখা নির্ধারণ করে সরকারি জমি উদ্ধার ও মাটি ভরাটের দাবিতে আবারও সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে আবেদন জানান ভুক্তভোগীরা। এরই প্রেক্ষিতে সর্বশেষ উপজেলা প্রশাসনকে সরেজমিনে তদন্ত করার আদেশ দেওয়া হয়।
শাহপুর গ্রামবাসীর জোর দাবি, দ্রুত জরিপ চালিয়ে সীমানা নির্ধারণ এবং সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করে যাতায়াতের পথটি উন্মুক্ত করার জন্য যেন দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক বাস্তবায়ন ঘটে।
স্টাফ রিপোর্টার 

















