
ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন বাজারে একযোগে মনিটরিং ও অভিযান পরিচালনা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় র্যাব-৯ এর একটি যৌথ দল মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও বাণিজ্যিক এলাকায় মনিটরিং কার্যক্রম চালায়। এসময় চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয়ের রসিদ যাচাই করা হয়। অভিযানের অংশ হিসেবে কালিঘাট বাজারের ‘আমীন ব্রাদার্স’ এর তিনটি ভোজ্য তেলের গোডাউন পরিদর্শন করে র্যাব। অবৈধভাবে তেল মজুদের প্রাথমিক প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে প্রথমবারের মতো সতর্ক করা হয়।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন চৌধুরী বাজারে র্যাব-৯, ৫৫ বিজিবি এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় রঞ্জু (৪২) নামক এক ব্যক্তিকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ সদর থানাধীন মধ্য বাজারস্থ সুরমা মার্কেটে র্যাব-৯, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ‘শফিক ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোজ্য তেল সরবরাহে বিঘ্ন ঘটানোর দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’২০০৯ এর ৪৫ ধারায় এই দণ্ড প্রদান করা হয়।

র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, জনসাধারণের জন্য নিরাপদ বাসযোগ্য সমাজ গঠন এবং বাজারে কৃত্রিম সংকট রোধে র্যাব প্রতিজ্ঞাবদ্ধ। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে এই ধরনের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্টাফ রিপোর্টার 


















