
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে এ ঘটনা ঘটে।
নিহত ফরাছ মিয়া (৪৮) ছোট ভাকৈর গ্রামের বাসিন্দা। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
আহত ব্যক্তিরা হলেন-সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) ও জাহেদ মিয়া। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাওরে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা আক্রান্ত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা স্থানে অবস্থান না করার জন্য স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে। 








