
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার সংলগ্ন সুতাং নদীতে একটি স্থায়ী ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৬ নং বুল্লা ইউনিয়নসহ ভাটি অঞ্চলের অন্তত ২০-২৫টি গ্রামের মানুষ। স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই জনপদে। বছরের পর বছর ধরে একটি ব্রিজের অপেক্ষায় দিন কাটছে কয়েক হাজার মানুষের।
স্থানীয়দের অভিযোগ, জেলা শহর কিংবা উপজেলা সদরে যাতায়াতের জন্য বুল্লা বাজারই এই অঞ্চলের মানুষের একমাত্র প্রবেশদ্বার। কিন্তু সুতাং নদীতে ব্রিজ না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। কৃষিপণ্য পরিবহনে অতিরিক্ত খরচ ও ভোগান্তির কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে এই জনপদ। শুধু তাই নয় এই ব্রিজের অভাবে উপজেলার একটি অংশ সদর উপজেলা না হয়ে লাখাই উপজেলা আসতে পারে না।
এর আগে একাধিকবার সংবাদ প্রকাশ এবং স্থানীয়দের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং নবনির্বাচিত এমপি ও হুইপ জি কে গউছ-এর ওপর নতুন করে আস্থা রাখছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান,আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু ব্রিজ পাইনি। এখন আমাদের শেষ ভরসা জননেতা জি কে গউছ। আমরা তাঁর মাধ্যমে এই সুতাং নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।
বিল্লাল আহমেদ লাখাই থেকে 








