
সিলেটের মোগলাবাজারে চাঞ্চল্যকর ‘আলিমা বেগম’ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দিলওয়ার আলীকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (২০ মার্চ) রাত ১২টা ১০ মিনিটে দক্ষিণ সুরমা থানার রশিদপুর পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাযায়,গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সন্ধ্যা ৭টার দিকে মোগলাবাজার থানাধীন নিজ সিলাম এলাকায় পূর্ব বিরোধের জেরে ভিকটিম আলিমা বেগমের বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। দেশীয় অস্ত্রশস্ত্র ও জিআই পাইপ দিয়ে করা এই হামলায় আলিমা বেগম ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। পরবর্তীতে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে আলিমা বেগম মৃত্যুবরণ করেন।
র্যাব জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এসএমপি সিলেটের মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গত ২৪/০২/২০২৬ তারিখে ৭নল মামলা দায়ের করা হয়। মামলার ধারা হল, ১৪৩/৪৪৭/৪৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩০৭/ ৩২৬/৩০২/৩৪/১১৪ পেনাল কোড-১৮৬০। পরে র্যাব-৯ ছায়া তদন্তে নামে। গোপন সংবাদে ভিত্তিতে এই মামলার এজাহারভুক্ত ৬ নম্বর পলাতক আসামি দিলওয়ার আলী গ্রেফতার করা হয়। তিনি মোগলাবাজার থানার নিজ সিলাম উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল রবের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল রশিদপুর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এই হত্যা মামলার অন্যতম আসামি দিলওয়ার আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এ মামলার অন্যান্য পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
স্টাফ রিপোর্টার। 
















