
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি উপযোগী করে তুলতে বর্তমান সরকার কৃষিক্ষেত্রে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
শনিবার ২৮ ফেব্রয়ারি দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে চরাঞ্চলের কৃষির ওপর গুরুত্বারোপ করে বলেন-টাঙ্গাইল সদরের একটি বৃহৎ অংশ চরাঞ্চল। এই এলাকার উন্নয়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
চরের অনেক পতিত জমি চাষাবাদের আওতায় আনা হবে, যা স্থানীয় কৃষকদের ভাগ্য বদলানোর পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোতেও খাদ্য সরবরাহ বৃদ্ধি করবে।
তিনি বলেন, চরাঞ্চলে উৎপাদিত সবজি সংরক্ষণের অভাবে যেন নষ্ট না হয়, সেজন্য টাঙ্গাইল সদরের কয়েকটি ইউনিয়নের ফসলের সুরক্ষায় একটি হিমাগার (কোল্ড স্টোরেজ) স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।
কৃষকদের আশ্বস্ত করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে এবং কৃষকরা যেন সঠিকভাবে সার পায় সে জন্য সর্বোচ্চ তদারকি করা হচ্ছে। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না। তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রথমবারের মতো চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করা হচ্ছে যা কৃষিতে আধুনিকায়নের এক নতুন ধাপ।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আমরা উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ। সেই লক্ষ্যেই আমাদের প্রতিটি কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) এর পরিচালক জিয়াউর রহমান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া প্রমুখ
হ্যাপি আক্তার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। 








