
আজ ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভায় মন্ত্রী সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সুশাসন নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
বক্তব্যের শুরুতেই মাননীয় মন্ত্রী প্রতিটি সরকারি দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আসার নির্দেশ দেন। তিনি বলেন,সরকারি প্রতিটি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। কোনো প্রকার হয়রানি ছাড়াই যেন নাগরিকরা তাদের কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা প্রতিটি কর্মকর্তার নৈতিক দায়িত্ব।

একটি আধুনিক ও সুন্দর ধনবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করে জনাব ফকির মাহবুব আনাম এমপি স্পষ্ট বার্তা প্রদান করেন। তিনি ধনবাড়ীকে নিম্নলিখিত অশুভ শক্তি থেকে মুক্ত রাখার ঘোষণা দেন,মাদকমুক্ত সমাজ গঠন, দখলবাজি ও টেন্ডারবাজি নির্মূল ও যেকোনো ধরণের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান কথা বলেন তিনি।
তিনি সকল দপ্তর প্রধানদের উদ্দেশ্য করে বলেন, যেকোনো অপরাধ বা অনিয়মের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে এবং এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মধ্যে ধনবাড়ী উপজেলা বিএনপি সভাপতি প্রিন্সিপাল এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ধনবাড়ীর সার্বিক উন্নয়নে মন্ত্রীর দিক-নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
হ্যাপি আক্তার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। 








