
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ছোটধামাই মনিপুরী এলাকার খোলা মাঠের উন্মুক্ত মঞ্চে মৈতৈ আর্টস এন্ড থিয়েটারের আয়োজনে এবং কবি-শিক্ষক-নাট্যকার রনজিত কুমার সিংহের লেখা ও নির্দেশনায় মঞ্চস্থ হলো ‘তরপন’ নাটক ও মনিপুরী নৃত্যানুষ্ঠান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮ থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান। নৃত্যানুষ্ঠান শেষে ‘তরপন’ নাটকে নারীর অধিকার প্রতিষ্ঠাসহ সমাজে প্রচলিত ও ধর্মীয় কুসংস্কার গুলো চিহ্নিত করে অভিনয় শিল্পীর মাধ্যমে তুলে ধরা হয় এবং সমাজ থেকে এসব কুসংস্কারগুলো যাতে দূর করা হয়, সেই বার্তা উঠে আসে এ নাটকে।

এ নাটকটিতে ১৫ থেকে ২০ জন নারী পুরুষ শিল্পী অভিনয় করেন। নাটক ‘তরপন’ কেবল একটি পরিবেশনাই ছিলোনা বরং বাংলাদেশে বসবাসরত মনিপুরী সম্প্রদায়ের জন্য স্মৃতি, পরিচয় ও সামষ্টিক আরোগ্যের এক গভীর সাংস্কৃতিক মুহূর্ত ছিলো। মনিপুরী পরিবার, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীতে ভরা উন্মুক্ত মাঠে মঞ্চস্থ এই নাটক আবারও প্রমাণ করলো কবি-শিক্ষক ও নাট্যকার রনজিত কুমার সিংহ সমকালীন মনিপুরী নাট্যধারার অন্যতম শক্তিশালী কণ্ঠ।
এ অনুষ্ঠান মনিপুরী সম্প্রদায়ের এক মিলন মেলায় পরিণত হয়।
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ 









