
সংসদ সদস্য নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন। তিনি বলেন,আগামীতে যে উন্নয়ন কাজ হবে তা হবে টেকসই ও মজবুত।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বানিয়াচংয়ের কামাল খানীস্থ হাসান মঞ্জিলে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
ডা. জীবন তার বক্তব্যে এলাকার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন,কৃষি ও মৎস্য ক্ষেত্রকে আধুনিকায়ন করা হবে। প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী, নালা, খাল ও জলাশয় খনন করা হবে বলে তিনি বলেন। যারাই প্রকৃত অভাবী মানুষ, তাদের কাছে কৃষি ও ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার বিষয়ে তিনি বলেন,ভিন্নমত দমন করা হবে না। প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। এছাড়া ভিন্ন ধর্মাবলম্বীরা কোনো বাধা ছাড়াই স্বাধীনভাবে তাদের ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করতে পারবেন বলে তিনি জানান।
বক্তব্যের শেষে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ।
সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান।
সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ,সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান ও ফরহাদ হোসেন বকুল। উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে। 















