
টাঙ্গাইলের গণমানুষের নেতা,উন্নয়নের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান পরলোক গমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে টাঙ্গাইলসহ দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান কেবল একজন সামরিক কর্মকর্তাই ছিলেন না, বরং দেশের সেবা ও শিক্ষা বিস্তারে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
তিনি ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুপূর্ব পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান (সহ-সভাপতি) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
টাঙ্গাইলের আধুনিকায়নে তাঁর ভূমিকা অপরিসীম, যে কারণে তাঁকে ‘টাঙ্গাইলের উন্নয়নের রূপকার’ হিসেবে অভিহিত করা হয়। তিনি শিক্ষার প্রসারে ১৯৮৯ সালে টাঙ্গাইল শহরে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও ১৯৯৩ সালে তাঁর নামে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়, যা ওই অঞ্চলে ধর্মীয় শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে।
তিনি ১৯৮৯-১৯৯০ মেয়াদে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর নাতি আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সবার কাছে তার দাদার জন্য দোয়া চেয়েছেন, মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক অভিভাবককে হারালো। আগামীকাল বৃহস্পতিবার ১লা জানুয়ারি বাদ জোহর বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় নামাজ অনুষ্ঠিত হবে।
”অনলাইন সিলেট নিউজ পোর্টাল’র” পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 



















