
হবিগঞ্জ-০৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে নাহিদ উদ্দিন তারেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) চুনারুঘাট উপজেলা নির্বাচন অফিস থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীর পিতা। এ সময় জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনসিপি সূত্রে জানা যায়, পাহাড়, চা-বাগান ও নদীবিধৌত চুনারুঘাট–মাধবপুর উপজেলার প্রায় পাঁচ লক্ষ ভোটারের সমর্থন প্রত্যাশা করছেন নাহিদ উদ্দিন তারেক। তিনি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ উদ্দিন তারেক বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
জনপ্রতিনিধি না থাকলেও নিজ এলাকার রাস্তা-ঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলে জানান তিনি।
এনসিপি প্রার্থীর প্রত্যাশা, নির্বাচিত হলে হবিগঞ্জ-৪ আসনের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, যোগাযোগ ও সংস্কৃতিসহ সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, শাপলা কলি প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে ইতোমধ্যে প্রচার-প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি।
ফরাস উদ্দিন। 



















