
মৌলভীবাজারে মহান রুশ বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির উদ্যোগে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে শহরের চৌমুহনাস্থ সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা হয়।
জেলা কমিটির সহ-সভাপতি মো. সোহেল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, চা-শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, কোষাধ্যক্ষ হেমরাজ লোহার, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন ও মো. আবু সুফিয়ানসহ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতারা।
আলোচনা সভার আগে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে সমবেত হয়।
সভায় বক্তারা বলেন, রুশ বিপ্লব শ্রমিকশ্রেণি ও নিপীড়িত মানুষের মুক্তিসংগ্রামে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তাঁরা সাম্রাজ্যবাদী আগ্রাসন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান জানান। বক্তারা বাংলাদেশকেও ভূরাজনৈতিক প্রতিযোগিতার ঝুঁকির কথা তুলে ধরে জাতীয় স্বার্থ রক্ষায় শ্রমিক-কৃষক-জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
আব্দুস সামাদ আজাদ,মৌলভীবাজার 


















