
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন মৌলভীবাজার শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন।
মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার শেরপুর, সরকার বাজার,কাজিরবাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন তারা।
লিফলেট বিতরণকালে নাসির আহমদ শাহীন বলেন,“বাংলাদেশের বর্তমান অচল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা একটি যুগান্তকারী রূপরেখা। দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রত্যাশায় মুখিয়ে আছে- এই ৩১ দফাই সেই মুক্তির দিশা দেখাবে।”
তিনি আরও বলেন,“বিদেশে থাকলেও আমরা প্রবাসীরা বিএনপির আন্দোলনের অংশ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে-বিদেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার জনগণের হাতে ফিরে আসে।”
এ সময় স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক প্রশাসন, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার, প্রবাসী কল্যাণে নীতিগত পরিবর্তনসহ জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিতকরণ।
নাসির আহমদ শাহীন বলেন,“মৌলভীবাজারসহ সারাদেশে আমরা এই ৩১ দফা প্রচারের মাধ্যমে মানুষের মনে নতুন আশার আলো জ্বালাতে চাই। মানুষ এখন পরিবর্তন চায় — আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম একমাত্র তারেক রহমান।”
কর্মসূচি শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
আব্দুস সামাদ আজাদ,মৌলভীবাজার প্রতিনিধি 



















