
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষানুরাগী এম সাইফুর রহমান পারভেজ।
রবিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতি এম সাইফুর রহমান পারভেজ বানিয়াচংয়ের গরীব হোসেন মহল্লার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাজী খলিলুর রহমানের জ্যেষ্ঠ পুত্র।
স্থানীয় ও অভিভাবক সূত্রে জানা গেছে, এর আগে তিনি বানিয়াচংয়ের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের সুনামধন্য প্রাথমিক বিদ্যাপীঠ ‘গরীব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সুচিন্তিত পরামর্শ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটি উপজেলার সেরা প্রাথমিক বিদ্যালয়ের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর এলাকার বাসিন্দারা আশা প্রকাশ করে জানান, এম সাইফুর রহমান পারভেজের সততা, দূরদর্শী নেতৃত্ব ও শিক্ষা-বান্ধব নানা উদ্যোগের ফলে মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ও শিক্ষা ও অবকাঠামোগত দিক থেকে অনেক দূর এগিয়ে যাবে। অচিরেই এটি উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, একজন নিষ্ঠাবান ও শিক্ষা-বান্ধব ব্যক্তিত্ব প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সুধীজন ও এলাকাবাসী নবনির্বাচিত সভাপতির সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেছেন।
শাব্বীর আহমদ শিবলী নোমানী, বানিয়াচং থেকে। 


















