
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখার অভিযোগ এবং পরিবহনশ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল এ ঘোষণা দেন।
আবু মঈন চৌধুরী সোহেল বলেন, হবিগঞ্জের বিরতিহীন এক্সপ্রেস বাসের মালিক ও শ্রমিকদের সঙ্গে মৌলভীবাজারের এসএমএস পরিবহনের মালিক ও শ্রমিকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিভিন্ন সময় বাস চলাচলে বাধা, যানবাহন ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সর্বশেষ ১১ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে মৌলভীবাজারে যাওয়া হবিগঞ্জের তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস আটকে রাখা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার আলোচনা হলেও স্থায়ী সমাধান হয়নি। এ কারণে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বলেন, ধর্মঘট চলাকালে হবিগঞ্জ জেলার সড়কগুলোতে কোনো ধরনের গণপরিবহন চলাচল করবে না। বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এ বিষয়ে মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সূত্রে জানা যায়, দুই পক্ষের বিরোধ এর আগেও বিভিন্ন সময়ে প্রকাশ্যে আসে। এ নিয়ে শায়েস্তাগঞ্জে অবরোধ কর্মসূচিও পালন করেছিলেন হবিগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকেরা। পরে প্রশাসনের উদ্যোগে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়।
এর আগে গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুই পক্ষের বিরোধ নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, ওই বৈঠকে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির বিষয়ে সমঝোতা হয়েছিল।
তবে এরপরও বাস আটকের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
দুই পক্ষের বিরোধের কারণে ধর্মঘট শুরু হলে হবিগঞ্জের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি তৈরি হতে পারে।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। 

















