
সিলেটের কেওয়াছড়া চা-বাগান এলাকা থেকে একটি পরিত্যক্ত এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের কেওয়াছড়া চা-বাগানে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল এয়ারপোর্ট বাইপাস এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে—কেওয়াছড়া চা-বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে ঝোপঝাড়ের ভেতর প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় এর সঙ্গে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
রবিবার ২০ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে সিলেট এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার 



















