
সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে সংরক্ষিত তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে নগদ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। টাকা ছাড়াও মিলল বৈদেশিক মুদ্রা, সোনা এবং গবাদিপশু।
শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী প্রকাশ্যে এসব দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়। গণনা কার্যক্রম শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে ১ ভরি ৯ আনা ২ রতি সোনা। এছাড়া দানবাক্সে ছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। যার মধ্যে রয়েছে— যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ সেন্ট, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ইউরোপের ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ পয়সা, পাপুয়া নিউ গিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়া।
মাজার কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি দান হিসেবে ৬টি গরু এবং ১১০টি ছাগল পাওয়া যায়। এর মধ্যে লঙ্গরখানায় তাবারক রান্নার জন্য ৫টি গরু ও ৭০টি ছাগল জবাই করা হয়েছে। বাকি গবাদিপশুর মধ্যে ৪০টি ছাগল বিক্রি করে লঙ্গরখানার কর্মীদের মজুরি মেটানো হয়েছে। এছাড়া দুই জন অসহায় ও গরিব নারীর বিয়েতে সহায়তার উদ্দেশ্যে একটি গরু এবং একটি ছাগল দান করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি।। 


















