
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দলের সিনিয়র নেতা আব্দুল মুকিত এবং মো. ফখরুল ইসলামকে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসের রহমানের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নাসের রহমান এমপি স্বাক্ষরিত পৃথক নিয়োগ পত্রের মাধ্যমে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে স্বাক্ষরিত পৃথক দুটি নিয়োগপত্রে আব্দুল মুকিতকে রাজনৈতিক সচিব-১ এবং মো. ফখরুল ইসলামকে রাজনৈতিক সচিব-২ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সচিব হিসেবে তারা নাসের রহমান এমপির রাজনৈতিক কর্মকাণ্ড দেখভালের পাশাপাশি জেলার রাজনৈতিক কর্মকাণ্ডে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করবেন।
আব্দুল মুকিত ও মো. ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয়। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে।
নাসের রহমানের রাজনৈতিক সচিব হিসেবে তাদের নিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের অনেকে এ নিয়োগকে নাসের রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড সমন্বয় ও সাংগঠনিক যোগাযোগ আরও জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন।
মৌলভীবাজার প্রতিনিধি 

















