
নগরীর সুপরিকল্পিত এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার নতুন প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। মঙ্গলবার ২৫ আগস্ট, দুপুরে সিলেটের নাইওরপুল এলাকাস্থিত হোটেল ফরচুন গার্ডেনে সংস্থাটির এই নতুন ও অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
সিলেট নগর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নবউদ্বোধিত কার্যালয়ের ফলক উন্মোচন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন একটি সরকারি সংস্থার যাত্রা শুরু হওয়া সিলেটবাসীর জন্য এক নতুন সম্ভাবনার ও আনন্দের বিষয়। সিউকে অর্পিত সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নগরের ভবিষ্যৎ উন্নয়নে এটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার ভোগান্তি তুলে ধরে তিনি আরও বলেন, সরকারি কাজ সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে আন্তঃসংস্থা সমন্বয় (ইন্টার-এজেন্সি হারমনি) নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায় একটি রাস্তা বা প্রকল্পের কাজ করতে গিয়ে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বারবার সড়ক খোঁড়াখুঁড়ি বা পানির লাইন-গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে সিউককে বিশেষ নজর দিতে হবে।
সকালে বিমান যোগে সিলেট পৌঁছলে তিন মন্ত্রী কে স্বাগত জানান, নবগঠিত সিলেট নগর উন্নয়ন চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এসময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 

















