
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ বাজার শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও বাংলা কিউআর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৪ আগস্ট সকাল ১১টায় র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক দেওয়ান মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-মহাব্যবস্থাপক ও হবিগঞ্জ অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মোহন্ত।
প্রধান অতিথি সমবারু চন্দ্র মোহন্ত বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস লেনদেন চালু হলে অর্থ লেনদেনে সময় কমার পাশাপাশি নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়বে। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা সহজে এবং নগদ অর্থ ছাড়াই গ্রাহকদের কাছ থেকে পণ্য ও সেবার মূল্য গ্রহণ করতে পারবেন।

গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দিতে পূবালী ব্যাংক বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। পে অ্যাপস, কিউআর কোড, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ প্রযুক্তিনির্ভর নানা সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই দৈনন্দিন আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারছেন।
ব্যাংক সূত্রে জানা যায়, ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে বিভিন্ন শাখা ও উপশাখায় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সেলফ সার্ভিস কর্নার ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদল আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলফু মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দাল হোসেন, মোঃ সঞ্জব আলী ও মোঃ সামির আলী প্রমুখ।
বানিয়াচং প্রতিনিধি। 


















