
সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামি মোঃ জিবলু মিয়াকে (২২) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিবলু মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও এলাকার মোঃ বিল্লাল উদ্দিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, গত ১১ এপ্রিল বিকেলে ভিকটিম কিশোরী তার শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজে বাড়ির বাইরে থাকার সুযোগে প্রতিবেশী জিবলু মিয়া ঘরে প্রবেশ করে তার হাত-মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের মা ঘরে ফিরে মেয়েকে হাত বাঁধা ও বিবস্ত্র অবস্থায় পান।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল।
আইনি ছায়াতদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৩ আগস্ট র্যাব-৯-এর সিপিসি-৩ (সুনামগঞ্জ) ও সদর কোম্পানীর (সিলেট) একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে সিলেট থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।
স্টাফ রিপোর্টার 

















