
জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (১৭ আগস্ট, ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়েরের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জানা যায়, চরগোয়ালিনী ইউনিয়নের আনন্দ বাজারের পূর্ব পাশে এবং চরপুটিমারী ইউনিয়নের সাজলের চর বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের টিম উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও, অবৈধ কাজে ব্যবহৃত ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রাংশগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়ের বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এলাকার পরিবেশ রক্ষায় এ ধরনের নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর। 


















