
সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে একটি অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (১২ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে গোলাপগঞ্জ বাজারের ওয়ারিস উল্লাহ মার্কেট থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-৯।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রুবেল মিয়া (২৮), প্রদীপ পাল (৩৪), মোঃ জাহান উদ্দিন (২৯) গিয়াস উদ্দিন ও টাকু সেন (২৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল জানতে পারে যে গোলাপগঞ্জ বাজারের ওয়ারিস উল্লাহ মার্কেটের একটি দোকানে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। খবর পেয়ে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা কৌশলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে, তারা 299betvip.com, k7777-সহ বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে নিয়মিত অনলাইনে জুয়া খেলে আসছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার 

















