
সিলেটের দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন চত্বর থেকে ১৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুলতান আহম্মদ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুলতান আহম্মদ সিলেট জেলার কানাইঘাট থানার বড় খেওড় গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে।
র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানার কদমতলী মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, হুমায়ুন চত্বর মোড়ের বিলাস পরিবহন কাউন্টারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি আনুমানিক বিকেল ৪. টা ৪০ মিনিটে উক্ত পরিবহনের ভেতরে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুলতানকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১০টি নীল রঙের বায়ুরোধক পলিথিনের জিপার থেকে ১৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সুলতান জানান, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এমন জিরো টলারেন্স নীতি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার 

















