
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ সোহেল মিয়া (৪১) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শেরপুর পুলিশ ফাঁড়ি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে শেরপুর ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় সোহেল মিয়া ক্রেতার কাছে গাঁজা বিক্রি করছিলেন বলে পুলিশের দাবি। পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে এক কেজি গাঁজা জব্দ করে।
গ্রেপ্তার সোহেল মিয়া শেরপুর নতুন বস্তি এলাকার মৃত কাঁচা মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নতুন বস্তির বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ড পর্যালোচনায় জানা যায়, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার পুলিশ রেকর্ড (পিসি/পিআর) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে চুরি, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একাধিক মাদক মামলা এবং চুরির মামলাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শেরপুর ও আশপাশের এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এসআই ওবায়দুল্লাহ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার প্রতিনিধি। 

















