
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, ২৩টি উচ্চ বিস্ফোরক টিউব (পাওয়ারজেল-৯), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং দুটি কুকরি।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তপথে দেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ করানোর পরিকল্পনা করছে। চক্রটি সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলাকীর্ণ ভূখণ্ডকে কাজে লাগিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তাদের অপতৎপরতা চালানোর চেষ্টা করছিল।
এ তথ্যের ভিত্তিতে ৫২ বিজিবি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং সম্ভাব্য রুটগুলোতে বিশেষ টহল ও অভিযান পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে বড়লেখা সীমান্তের ডিমাই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, ২৩টি উচ্চ বিস্ফোরক টিউব (পাওয়ারজেল-৯), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর কর্ড এবং দুটি কুকরি উদ্ধার করেন।
এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবির এ সফল অভিযানে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান রোধে বাহিনীর তৎপরতা ও সতর্ক অবস্থানের বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মৌলভীবাজার প্রতিনিধি 


















