
জামালপুর পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ খোদেজা বেগম (৪০) ও মোছা. বুলবুলি (৫৮) নামে দুই নারীকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর পৌর এলাকার মৃধাপাড়া ও দয়াময়ী মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে জামালপুর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
গ্রেফতারকৃতরা হলেন—শেরপুর সদর উপজেলার কুসুমহাটি গ্রামের শাহ আলীর স্ত্রী খোদেজা বেগম এবং জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের আবুলের স্ত্রী মোছা. বুলবুলি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৃধাপাড়া এলাকায় খোদেজা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর তল্লাশি করে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বস্তার ভেতর লুকানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে খোদেজার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে বুলবুলিকে গ্রেফতার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে বুলবুলি জানান, তিনি গাঁজা কেনার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। এছাড়া গ্রেফতার খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় পূর্বেও মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের আদালতে সোপর্দ করা হবে।
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর। 

















