
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বাওয়ানী চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধের লক্ষ্যে মিড ডে মিল কর্মসূচি চালু করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন, হবিগঞ্জের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সুলতানা জেরিন বলেন, চা বাগানের সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং তাদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি উৎসাহিত করা এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোরও লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি 


















