
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়।
বুধবার (১৪ অক্টোবর) পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমিন।
অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সাগরিকা হোটেলকে ১০ হাজার টাকা এবং ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে আল্লাহ ভরসা ফলের দোকানকে ৩ হাজার টাকা, আব্দুল্লাহ ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা এবং তাসকিন এন্ড তাশরিফ ভ্যারাইটি স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমিন বলেন,ব্যবসায়ীদের অবশ্যই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন থেকে বিরত থাকতে হবে এবং দোকানে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ভোক্তাদের অধিকার রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শনসহ প্রচলিত আইন যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার: 



















