
হবিগঞ্জের নবীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করব বিশ্বজয়’ প্রতিপাদ্যে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তিনজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী।
সভাপতির বক্তব্যে সুলতানা জেরিন বলেন, কন্যাশিশুরা সমাজের ভবিষ্যৎ। বাল্যবিয়ে প্রতিরোধ করে তাদের সুশিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা গেলে সুন্দর ও সুসংগঠিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফিন হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিদুল করিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম, পৌর জামায়াতের আমির এমদাদুল রহমান, প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ ও হারুন মিয়া এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. হাসান চৌধুরীসহ অন্যরা।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি 


















