
যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসায় লোক পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘ফেমেক্স অ্যাসোসিয়েট’ নামক প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাহফুজুর রহমান সাকিকে (২৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গত রবিবার (১১ অক্টোবর) বিকেল আনুমানিক ৩.৫০ মিনিটে এসআরবি-৯ (সিলেট) এবং এসআরবি-৩ (ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর রমনা থানাধীন ফরচুন মার্কেটের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাকি সিলেট জেলার মোগলাবাজার থানার রাখালগঞ্জের মিজানুর রহমান জানু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিলেটের শাহপরাণ থানায় প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত পাঁচটি প্রতারণার মামলা রয়েছে।
মামলা ও প্রেস নোট সূত্রে জানা যায়, সিলেট জেলার বাসিন্দা ফাহিমা বেগম তার মেয়ে লামিছা মাকসুদা ও জামাতা মোঃ মামুনুর রহমানকে যুক্তরাজ্যে পাঠানোর জন্য বিবাদীদের সাথে যোগাযোগ করেন। বিবাদীরা তাদেরকে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্যে পাঠানোর কথা বলে ৩২ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। তাদের কথায় বিশ্বাস করে ফাহিমা বেগম নগদ ও ব্যাংকের মাধ্যমে ৩১ লাখ ৯৯ হাজার টাকা পরিশোধ করেন এবং পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।
কিন্তু দীর্ঘদিনেও ভিসার ব্যবস্থা না হওয়ায় চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ফাহিমা বেগম তাদের অফিসে গেলে বিবাদীরা টাকা লেনদেনের কথা অস্বীকার করেন। শুধু তাই নয়, ভুক্তভোগীদের ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, ‘ফেমেক্স অ্যাসোসিয়েট’ সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে আসছিল। শুধু সিলেট অঞ্চলেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অন্তত ৫০ জন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীরা সিলেট মহানগরীর শাহপরাণ থানাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা দায়ের করলে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।
গ্রেফতারের বিষয়ে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 


















