
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন এর পশ্চিম বুল্লা গ্রামের সাবেক মেম্বার আতাউর রহমান বাড়ি হতে চুরি যাওয়া এসি উদ্ধার করেছে থানা পুলিশ। অভিযান চালিয়ে এসির আউটডোর চুরির ঘটনার সাথে জড়িত দুই চোরকে গ্রেফতার করেছে। একই সাথে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৩টার পর লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা আতাউর রহমানের (৫৫) বসতবাড়ির একতলা ভবনের বাইরে থাকা এসির আউটডোর ইউনিটটি অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় আতাউর রহমান বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে লাখাই থানা পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অভিযান চালিয়ে গত ৮ অক্টোবর পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা মোঃ ইলিয়াছ মিয়ার ছেলে মোঃ শাকিনুর ইসলাম ওরফে শাহিনুর মিয়া (২৭) এবং সিরাজ মিয়ার ছেলে মোঃ আহাদুল মিয়া (৩৮) এই দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী চুরি হওয়া এসির অংশটি উদ্ধার করে পুলিশ জব্দ তালিকাভুক্ত করে।
এ বিষয়ে লাখাই থানার মামলা নং- ০৪, তারিখ: ৮/১০/২০২৬ইং, ধারা: ৩৭৯ দণ্ডবিধি (দ:বি:) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
বিল্লাল আহমেদ লাখাই থেকে 


















