
আসন্ন শারদীয় দুর্গোৎসব সফল, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটি ও স্থানীয় এলাকাবাসীকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গোৎসব যেন সবাই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। যেকোনো মূল্যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।
সনাতন ধর্মাবলম্বীদের উৎসবকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি জানান, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের জন্য এক টন করে চাল বরাদ্দ দেওয়া হবে।
এ ছাড়া পূজামণ্ডপগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিরাই প্রতিনিধি 


















