
জামালপুর সদর উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী–২০২৬ এর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যায় বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
“এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কাব ক্যাম্পুরীতে কাব স্কাউটদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন শিক্ষণীয় ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়।
সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইউসুফ আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। এ ধরনের ক্যাম্পুরী শিশুদের আত্মনির্ভরশীল ও নেতৃত্বগুণে গুণান্বিত করতে বিশেষ সহায়তা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন,উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কাউট কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কাব স্কাউটবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কার্যক্রম শেষে সন্ধ্যায় মহা তাঁবু জলসায় কাব স্কাউটরা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সবশেষে বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এস আলম, জামালপুর 


















