
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়। একই দিনে পৃথক অভিযানে চুরির অভিযোগে শফিকুল ইসলাম (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা এলাকার জাপানী বাড়িতে অভিযান চালায় পুলিশ। স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের উপস্থিতিতে পরিচালিত অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে হাসান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
হাসান বড়লেখা উপজেলার মোহাম্মদনগর এলাকার মৃত বদরুল মিয়ার ছেলে। তিনি বর্তমানে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করেন। পুলিশ জানায়, অভিযানের সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে কুলাউড়া পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় পৃথক অভিযান চালিয়ে চুরির অভিযোগে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চালতপার এলাকার পুরিত মিয়ার ছেলে। তার হেফাজত থেকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি চোরাই আইপিএসের ব্যাটারি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানা পুলিশ জানায়, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি 


















