
টাঙ্গাইলের মধুপুরে পৃথক বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল (৫৬) এবং মধুপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন লিটন (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা-পুলিশের একটি দল শনিবার রাতে আলোকদিয়া ইউনিয়নের কালমধিয়া গ্রাম থেকে আবু সাঈদ তালুকদার দুলালকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের বাসিন্দা। অন্যদিকে, বুধবার রাতে উপজেলার কলাউড়ী গ্রামে অভিযান চালিয়ে মৃত মহিউদ্দিনের ছেলে কামাল হোসেন লিটনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল হক জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধেই সুনির্দিষ্ট মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 


















