
সিলেটের জকিগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আব্দুল আহাদকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানাধীন নোয়াগাঁও চড়ারপাড় পরগনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল আহাদ সিলেট জেলার জকিগঞ্জ থানার চাঁনপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ জানুয়ারি জকিগঞ্জ থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলায় (মামলা নং-০৬, জি আর- ০৬/১৩, ধারা- ৩৯৫ পেনাল কোড ১৮৬০) আদালত আব্দুল আহাদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর এমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 


















