
হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ১৮২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় প্রায় ১৮০ কোটি টাকা এবং হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ের প্রকল্প রয়েছে।
গতকাল সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় এসব প্রকল্প নিয়ে আলোচনা হয়। জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ জি কে গউছ। এ সময় হবিগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, তিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী, হবিগঞ্জ পৌরসভায় চৌধুরী বাজার ও সিনেমা হল বাজারে কিচেন মার্কেট নির্মাণ, পুরোনো পৌরসভা সড়কে বহুতল ভবন নির্মাণ, ট্রাক টার্মিনাল স্থাপন, বাস টার্মিনালে আরসিসি ঢালাই এবং শহরের বিভিন্ন ড্রেন, কালভার্ট ও সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় এডিপির অর্থায়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মাটির রাস্তা পাকাকরণের প্রকল্প নেওয়ার কথা জানানো হয়। সভায় হুইপ জি কে গউছ পরিকল্পিত ও টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের উপকার এবং দীর্ঘমেয়াদে যোগাযোগ ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে হবিগঞ্জ পৌরসভার সড়ক, ড্রেনেজ, বাজার ও পরিবহন অবকাঠামোয় উন্নয়ন ঘটতে পারে। তবে প্রকল্পগুলোর ব্যয়, বাস্তবায়ন ও সময়সীমা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
সভায় প্রকল্পগুলোর সম্ভাব্যতা, অগ্রাধিকার ও বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। 


















