
সিলেটের গোলাপগঞ্জে একটি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৮৯ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর এলাকায় র্যাব-৯-এর সিএইচকিউ মেইন গেইট সংলগ্ন পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ খোরশেদ আলম (৪৫)। তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার আসামপাড়া গ্রামের মোঃ তারা মিয়ার ছেলে।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল জানতে পারে— জাফলং থেকে একটি ট্রাকে করে মাদকের একটি বড় চালান গোলাপগঞ্জের শ্রীরামপুর বাইপাস হয়ে সিলেটের দিকে যাচ্ছে।
সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর এলাকায় র্যাবের একটি দল তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট পরিচালনাকালে একটি হলুদ ও নীল রঙের ট্রাককে থামার সিগন্যাল দিলে চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত চালক ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের বডির ফ্লোরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে ৬৮৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খোরশেদ আলম জানায়, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার 


















