
বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ সার্বিক পরিবহন ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও সাধারণ মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘবে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে বানিয়াচংয়ের সর্বস্তরের ওলামায়ে কেরাম।
নির্ধারিত সময়ের মধ্যে পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা দূর না হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর গণআন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
শনিবার বাদ মাগরিব স্থানীয় মদিনা মসজিদে বানিয়াচং উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরামের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল বাসিত আজাদ (বড় হুজুর)-এর সভাপতিত্বে সভায় উলামায়ে কেরাম বর্তমান পরিবহন ব্যবস্থার নৈরাজ্য ও অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে সাধারণ যাত্রীদের জিম্মি করার তীব্র নিন্দা জানান।
সভায় বিস্তারিত পর্যালোচনা শেষে জনস্বার্থে সিএনজি ও পরিবহন খাতে চলমান বিশৃঙ্খলা রোধে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে সমাধান না আসলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তী কর্মসূচি সফল ও সুশৃঙ্খল করতে একটি বিশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বাসিত আজাদ স্পষ্ট ভাষায় জানান, জনগণের কষ্ট লাঘব এবং শৃঙ্খলার স্বার্থে প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে তৌহিদী জনতা ও ওলামায়ে কেরাম রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। উক্ত সভায় বানিয়াচংয়ের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-খতিব এবং স্থানীয় সচেতন ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এক বাক্যে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
মখলিছ মিয়া, বানিয়াচং (হবিগঞ্জ) 


















