
সিলেটের ওসমানীনগরে একটি পরিত্যক্ত সীমানা প্রাচীরের ভেতর থেকে ১টি দেশীয় তৈরি বন্দুক, ১টি পাইপগান এবং ১০টি শটগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে উপজেলার ওমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে,সিকন্দরপুর পশ্চিম গ্রামের একটি সীমানা প্রাচীরের ভেতরে অবৈধ অস্ত্র মজুত বা ফেলে রাখা হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় বন্দুক, ১টি পাইপগান এবং ১০টি শটগানের কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযানকালে তৎক্ষণাৎ ঘটনার সাথে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম এবং অপরাধীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি (সাধারণ ডায়েরি) মূলে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় র্যাব-৯ এর অভিযানে মোট ৫১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১১৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭,০৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ৪টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিশাল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৫৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার 

















