
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার পৌরসভা যুব বিভাগ।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়। পরে শহরের সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে হামিদিয়া পয়েন্টে গিয়ে র্যালিটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌর যুব জামায়াতের সভাপতি আবু নোমান মুয়িনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুব জামায়াতের সভাপতি ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার পৌর জামায়াতের সভাপতি হাফেজ তাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুব জামায়াতের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আহমেদ মুন্নাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত এক সম্মেলনে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাব করা হয়। ১৯৯৯ সালে প্রস্তাবটি জাতিসংঘে উপস্থাপন করা হয়। এরপর ২০০০ সাল থেকে প্রতিবছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে আসছে। এ দিবসের মাধ্যমে প্রতিবছর যুবসমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হয়।
তিনি বলেন, বিশ্বে প্রায় ২০০ কোটি যুবক রয়েছে। বাংলাদেশেও প্রায় পাঁচ কোটি যুবক রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ। কিন্তু বিপুলসংখ্যক যুবক বেকারত্ব, মাদকাসক্তি ও নানা সামাজিক সমস্যায় জর্জরিত। দুর্বল ও অদূরদর্শী শাসনব্যবস্থার কারণে এসব সমস্যা আরও প্রকট হয়েছে।
ফখরুল ইসলাম আরও বলেন, বিশ্বের যেসব দেশ উন্নতি ও সমৃদ্ধি অর্জন করেছে, সেসব দেশের অগ্রগতির অন্যতম প্রধান শক্তি ছিল যুবসমাজ। অথচ বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসেন, তারা অনেক সময় যুবসমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। আমরা তা চাই না। যুবসমাজকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে দেশের বেকার যুবকদের একটি সঠিক তালিকা প্রণয়ন করে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করে তাদের মেধা, শ্রম ও যোগ্যতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ দিতে হবে।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার : 


















