
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়।
মৌলভীবাজার প্রতিনিধি 


















